বাংলাদেশের ইংল্যান্ড সফর নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালে একটি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৮ মে শুরু হতে যাওয়া এই একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে।
এর আগে বিষয়টি নিয়ে ইংল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসিবি।
বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেই দুই ম্যাচের সিরিজের একটি অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। প্রায় ১৭ বছর পর আবারও ক্রিকেটের 'হোম অব ক্রিকেট'-এ টেস্ট খেলতে নামবে টাইগাররা।
এর মধ্যে অবশ্য ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করেছে। ২০১৭ সালের দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে জয় পায় ইংল্যান্ড, আর মিরপুরে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মধ্যে খেলা ১০টি টেস্টের মধ্যে সেটিই বাংলাদেশের একমাত্র জয়।
দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। আগামী মাসে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। আর তার এক বছরের মধ্যেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটি খেলবে ইংল্যান্ডেও।
এদিকে পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। সফরে তারা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
ইসিবির সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উস্টারে। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর হোভে, ২১ সেপ্টেম্বর কেন্টারবারিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।