দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট রিফাত রহমান শামীমকে ডিএমপি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। ১৮ আগস্ট তিনি ডিএমপির দায়িত্বভার হস্তান্তর করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সরকারের ভাষ্য অনুযায়ী, তার এ আচরণ সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এসব অভিযোগ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। পরে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে অভিযোগের তদন্ত করা হলে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও এবারও তিনি কোনো জবাব দেননি। এরপর অভিযোগ ও তদন্ত প্রতিবেদন বিবেচনায় তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়।
পিএসসি বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলে রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারায় রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করার চূড়ান্ত আদেশ জারি করা হয়।