বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা জয়ের পুরস্কার হিসেবে দলটি পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা হিসাবে) প্রায় ৬১৫ কোটি টাকা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের পর্দা নেমেছে। মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের আসরে অর্থ পুরস্কারও ছিল নজরকাড়া। চ্যাম্পিয়ন থেকে শুরু করে অংশ নেওয়া প্রতিটি দলই পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণ প্রাইজমানি।
বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগে মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। ৪৮ দলের এই টুর্নামেন্টে কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।
১৬ বছর পর আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠেছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় লা রোহা। এই সাফল্যের জন্য তারা পাচ্ছে ৫ কোটি ডলারের প্রাইজমানি।
রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা), আর চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ৩৩২ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১৮৪ কোটি টাকা)। আর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার, যা প্রায় ১৩৫ কোটি টাকার সমান।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে ৯০ লাখ ডলারের (প্রায় ১১০ কোটি টাকা) সান্ত্বনা পুরস্কার। এ ছাড়া বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি, আবাসন ও অন্যান্য ব্যয়ের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দলকে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছে ফিফা।
২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি
চ্যাম্পিয়ন (স্পেন): ৫ কোটি ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা)
রানার্সআপ (আর্জেন্টিনা): ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)
তৃতীয় (ইংল্যান্ড): ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)
চতুর্থ (ফ্রান্স): ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)
কোয়ার্টার ফাইনালিস্ট (৪ দল): ১ কোটি ৯০ লাখ ডলার করে
শেষ ষোলো (৮ দল): ১ কোটি ৫০ লাখ ডলার করে
শেষ ৩২ (১৬ দল): ১ কোটি ১০ লাখ ডলার করে
গ্রুপ পর্ব থেকে বিদায়: ৯০ লাখ ডলার করে
প্রস্তুতি ভাতা (সব অংশগ্রহণকারী দল): অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে