টানা ইউরো চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ জিতে ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে স্পেন। দুটি ভিন্ন সময়ে এই কীর্তি গড়ে বিশ্ব ফুটবলে নতুন মাইলফলক স্থাপন করেছে দলটি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন। এর আগে ২০২৪ সালে তারা ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফিও জিতেছিল।
এর আগেও একই কীর্তি দেখিয়েছিল স্পেন। ২০০৮ সালে ইউরো জয়ের পর ২০১০ সালের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ফুটবল ইতিহাসে স্পেন ছাড়া আরও মাত্র দুটি দেশ টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে। তবে দুটি ভিন্ন সময়ে এই সাফল্য অর্জনের একক কৃতিত্ব এবং বিশ্বরেকর্ড এখন শুধুই স্পেনের দখলে।
পশ্চিম জার্মানি ১৯৭২ সালে ইউরো এবং ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে, ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০০০ সালে ইউরোর শিরোপা নিজেদের করে নেয়।