গণ-শুনানির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন নামগুলো ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন নাম হয়েছে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রহবল ইউনিয়ন।
জেলা প্রশাসক জানান, প্রশাসনের সমন্বয় সভায় তিন ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নাম কার্যকর হবে।
এর আগে ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তখন ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত।
তবে নামগুলো প্রকাশের পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কারণ, ‘মীরবাড়ি’ নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে যায়। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিষয়টি পরে জাতীয় সংসদেও আলোচনায় আসে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম ইউনিয়নের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ইউনিয়নগুলোর নাম স্থানীয় প্রশাসনের যাচাই-বাছাই ও গণ-শুনানির ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছিল। তার দাবি, সন্তানদের নামের সঙ্গে মিল থাকাটা কেবল কাকতালীয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে নাম পরিবর্তনের উদ্যোগ নেয় প্রশাসন। এর অংশ হিসেবে ২৩ ও ২৫ জুন দুই দফায় গণ-শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির ভিত্তিতেই নতুন নাম নির্ধারণ করা হলো।