২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় নিরাপত্তা প্রস্তুতি। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমান, প্রশিক্ষিত স্নাইপার এবং হাজারো নিরাপত্তা সদস্য।
রোববার (১৯ জুলাই) রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ট্রাম্পের উপস্থিতির কারণে ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির বিশেষ আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়াম ঘিরে আকাশপথে অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ আকাশসীমার নজরদারিতে থাকবে এফ-১৬ যুদ্ধবিমান। পাশাপাশি স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপাররা। পুরো নিরাপত্তা কার্যক্রমে এফবিআইসহ বিভিন্ন ফেডারেল সংস্থা কাজ করবে।
হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর কমপক্ষে চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের কারণে প্রবেশে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ফাইনালের নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণের নিরাপত্তার মতোই কঠোর। তার মতে, এই আয়োজন সুপার বোলের চেয়েও বড়।
ইতোমধ্যে ফাইনাল উপলক্ষে জারি করা নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করায় একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দিয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশের এলাকায় উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোনও জব্দ করেছে নিরাপত্তা সংস্থাগুলো।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ফাইনাল শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: দ্য টেলিগ্রাফ