মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেদের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ কিংবা এ অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
আঞ্চলিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল থাকায় এবং যেকোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় এ সতর্কতা দেওয়া হয়েছে।
আল কাবাস সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে জানা যায়, মার্কিন দূতাবাস তাদের কনস্যুলার অ্যাফেয়ার্স চ্যানেলের মাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এবং কোনো ধরনের আগাম সংকেত ছাড়াই এতে পরিবর্তন আসতে পারে।
সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তা ও ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের ভেতরে ভ্রমণকারী কিংবা এ অঞ্চলের ওপর দিয়ে ট্রানজিট নেওয়া যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কোনো পরিবর্তন বা বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়েও খোঁজ নিতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির নাগরিকদের জন্য সীমিত জরুরি কনস্যুলার সহায়তা চালু রয়েছে। জরুরি পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের নির্ধারিত ইমেইল ঠিকানার মাধ্যমে কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ