নরসিংদীর শিবপুরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন নাফিজ ও স্বাধীন। তারা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজকের এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।