ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে বেলজিয়ামেও। মাত্র ১৫ দিনের ব্যবধানে দেশটিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী গরমের কারণে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন।
দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’র দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মাত্র ১৫ দিনেই সেখানে প্রায় ২ হাজার মানুষ মারা গেছেন।
সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি।
সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সলে। সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে।