ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উদ্ধার অভিযান চলমান থাকলেও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁইছুঁই, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বিপর্যস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে।
তবে জাতিসংঘের আশঙ্কা, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে শুধু প্রাণহানিই নয়, ব্যাপক মানবিক সংকটও তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন উদ্ধারকারী দল। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলছে ধীরগতি।
ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ‘ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবকেরাই প্রথম এগিয়ে এসেছিলেন। সরকারের কার্যকর উপস্থিতি আমরা অনেক পরে দেখতে পেয়েছি। আমরা এখনও সহায়তার অপেক্ষায় আছি।’
দুর্যোগের পরপরই বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তাদের অভিযান শেষ করে ফিরে গেছে। বর্তমানে জরুরি উদ্ধারকাজের পরিবর্তে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।