ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এই লক্ষ্যে ১১ লাখ গাছ রোপণ করা হবে বলে জানান সেনাপ্রধান।