শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মতো তাদের কর্মসূচি শেষ করেছেন। কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান তারা। এরপর সচিবালয় থেকে শিক্ষাভবনমুখী সড়ক খুলে দেওয়া হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে চলে যান। পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অবস্থানরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল কুদ্দুস পলক বলেন, অনেক শিক্ষার্থীর আগামীকাল পরীক্ষা থাকায় তারা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। এখান থেকে অনেকে সায়েন্সল্যাবের দিকে চলে গেছেন, পরে নিজ নিজ বাসায় ফিরবেন। তবে তাদের দাবি বহাল থাকবে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা চলে যাওয়ার পর সড়কের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুরের পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়সহ রাজধানীর চারটি স্থানে সড়কে অবস্থান নেন। পরে সায়েন্সল্যাব থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। শিক্ষার্থীরা পৌঁছানোর আগেই সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে রেখেছিল।