টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। একই সময়ে বিকেল পৌনে ৪টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকেও আরেকটি মিছিল সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হন। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়। উত্তরাতেও কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তাদের তিন দফা দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে তারা সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করছেন। মিছিলের সময় ‘দফা এক’ দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে’ আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অনেকের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।
আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের পরীক্ষা শেষে তারা লংমার্চ শুরু করেছেন।