যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হয়েছিল, আজ সেই ‘ফার্মের মুরগিরাই’ রাজপথে নেমেছে বলেই আপনি শিক্ষামন্ত্রীর পদে বসতে পেরেছেন,—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সরকারের দায়িত্বহীনতার প্রমাণ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী দেশে নকলবিরোধী অবস্থানের কথা বললেও বাস্তবে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছেন। বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রশ্নপত্রে ভুল থাকা সত্ত্বেও সরকার দুঃখ প্রকাশ করেনি। উল্টো শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ ও ‘মাদকাসক্ত’ বলে আখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই শিক্ষার্থীরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়, তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান পরস্পরবিরোধী এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে।
বক্তব্যে তিনি পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করলেও অনেক এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি।
সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, এলাকার এক সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে থানায় মুচলেকা দিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ, ভূমি দখল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগও তোলেন তিনি।
চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ মানুষের আয় থেকে রাজনৈতিকভাবে চাঁদা আদায়ের সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় তিনি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থনের ঘোষণা দেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।