বন্যাকবলিত এলাকাগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। তাদের অভিযোগ, পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরের শিক্ষাবোর্ডের সামনের সড়ক এই অবরোধ করে বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হয় এ কর্মসূচি। পরীক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।শিক্ষার্থী দাবি-সারা দেশে প্রতিটি বোর্ডের পরীক্ষা একইসঙ্গে নিতে হবে। কোনো একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া যাবে না।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত নতুন করে তা সরবরাহ করতে হবে।শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ষোলশহর শিক্ষা বোর্ড সামনে সড়কের একপাশ ব্যবহার করে যানবাহন চলাচল করলেও অন্যপাশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা কাউকে শিক্ষা বোর্ডের কার্যালয়ে প্রবেশ করতে দেননি। বিক্ষোভের কারণে দুই নম্বর গেট থেকে মুরাদপুর সড়কে যানচলাচল বন্ধ থাকে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি সম্পর্কে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। একইসঙ্গে সড়কে যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার হয়েছে।