শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ-অবরোধ

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে

2026-07-14T16:13:01+00:00
2026-07-14T19:06:44+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ-অবরোধ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক প্রশ্নে ভুল ছিল এবং প্রশ্নের মান ছিল অস্বাভাবিকভাবে কঠিন। তাদের দাবি, অভিন্ন প্রশ্নপত্র অতীতের তুলনায় অনেক বেশি কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

রাজধানীতে বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন।

শিক্ষা বোর্ডের সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন ইট নিক্ষেপ করেন এবং বোর্ডের গেটে ধাক্কাধাক্কি করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একাংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য একটি অংশ টিএসসির দিকে চলে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনে অংশ নেয় ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন। তিনি প্রশ্ন তোলেন, এসব কারণে কেউ ফেল করলে তার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?
ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ রাস্তায় পড়ে গেছেন, আবার কারও অ্যাডমিট কার্ড বৃষ্টিতে নষ্ট হয়েছে। এসবের দায়ও শিক্ষামন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনা করতে না পারা কোনো শিক্ষামন্ত্রীকে তারা চান না।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা পরে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

রাজধানীর বাইরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল থেকেই অবরোধ করেন শিক্ষার্থীরা। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়ায় বিক্ষোভ

বগুড়ায় বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 
বরিশালে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লায় ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে বিক্ষোভ করেন।

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে অবরোধ

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, তবে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে মানববন্ধন করছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে আন্দোলনরত পরীক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, পরীক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

রাজশাহীতে বিক্ষোভ-অবরোধ

রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা সড়কও অবরোধ করে রেখেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভয়াবহ দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগানও দেন।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করছেন।


  বিষয়:   শিক্ষামন্ত্রীর পদত্যাগ  এইচএসসি পরীক্ষা  ঢাকা শিক্ষা বোর্ড  পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র  শিক্ষার্থী বিক্ষোভ  সড়ক অবরোধ  বৈরী আবহাওয়া 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: