সিলেটের গোয়াইনঘাটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যাকবলিত মানুষের জন্য ৫৮টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম), পর্যাপ্ত মেডিকেল টিম এবং উদ্ধারকাজের জন্য নৌকার ব্যবস্থা রাখা হয়েছে।
সভায় ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও শুকনা খাবারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নজরদারি চলছে। জরুরি পরিস্থিতিতে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকেরা তাৎক্ষণিকভাবে উদ্ধার ও সেবাকাজে অংশ নিতে প্রস্তুত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার জানান, সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও শুকনা খাবার মজুত রাখা হয়েছে। পরিস্থিতির তীব্রতা অনুযায়ী দ্রুত সেগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত প্রতিনিধিরা মাঠপর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।