ফের পানি বাড়ার শঙ্কা, উত্তরাঞ্চলের ৫ জেলা বন্যার ঝুঁকিতে

অনলাইন ডেস্ক

সারাদেশ

উজানের ঢল আর টানা বর্ষণে আবারও বন্যার শঙ্কা ঘনিয়ে এসেছে দেশের উত্তরাঞ্চলে। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বাড়তে

2026-07-11T18:00:51+00:00
2026-07-11T18:00:51+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
ফের পানি বাড়ার শঙ্কা, উত্তরাঞ্চলের ৫ জেলা বন্যার ঝুঁকিতে
অনলাইন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম 
সংগৃহীত ছবি
উজানের ঢল আর টানা বর্ষণে আবারও বন্যার শঙ্কা ঘনিয়ে এসেছে দেশের উত্তরাঞ্চলে। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বাড়তে থাকায় পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (১১ জুলাই) দুপুরে পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানির সমতল বাড়ছে। আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি কিছু কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এর প্রভাবে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলার সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে পাউবো। পাশাপাশি জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুতসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যেসব স্থান দুর্বল রয়েছে, সেগুলো মেরামতের কাজও চলমান রয়েছে।’

এদিকে, আবহাওয়া অধিদফতর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় উত্তরাঞ্চলের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা, নিচু অঞ্চল এবং নদীতীরবর্তী জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


  বিষয়:   ফের পানি বাড়ার শঙ্কা  উত্তরাঞ্চল  ৫ জেলা বন্যার ঝুঁকিতে 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: