নাটোরের লালপুরে এক বাড়ির রান্নাঘর থেকে একসঙ্গে ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাচ্চাগুলো উদ্ধার হলেও মা গোখরার কোনো সন্ধান না মেলায় আতঙ্ক আরও বেড়েছে। বিষধর সাপটি এখনও আশপাশেই লুকিয়ে থাকতে পারে—এমন আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রব্বানীর স্ত্রী মোছা. যাইবুন নেসা (জনি) রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে রান্নাঘরের এক কোণে সাপের বাসা ও অসংখ্য বাচ্চা দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন।
তবে উদ্ধার অভিযানের সময় মা গোখরা সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, সাপটি এখনও বাড়ির আশপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে। এ কারণে তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষ বাড়িটিতে ভিড় করেন।
দুড়দুড়িয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন সাধু বিষয়টি নিশ্চিত করে জানান, রান্নাঘর থেকে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে বড় সাপটি পাওয়া না যাওয়ায় পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।