কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ সময় হামলায় দম্পতির আরেক সন্তান গুরুতর আহত হয়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কপি নুর (৩০) ও তার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ আনছার। আহত বড় ছেলে মোহাম্মদ সলিমকে (১০) গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় রোহিঙ্গা নেতা দিল মুহাম্মদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মাদক-সংক্রান্ত একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার জন্য তিনি স্ত্রীকে দায়ী মনে করে ক্ষোভ পুষে রেখেছিলেন। সেই ক্ষোভ থেকেই তিনি প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাটি দেখে ফেলায় দুই সন্তানকেও ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে মারা যায়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।