টানা ভারি বৃষ্টির মধ্যে পাহাড় ধসে বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
লাগোয়া দুই উপজেলায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
লামা থানা ওসি কায়ছার হামিদ বলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারে পাঁচজন মারা গেছেন।
প্রথম ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে। এতে এক পরিবারে দুজন নিহত হয়। পরে ভোর চারটায় আরেকটা পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়।
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, গতকাল রাত থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় লামা উপজেলার কোথাও টেলিটক নেটওয়ার্ক নেই। এ কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে।
এদিকে লামা উপজেলা লাগোয়া কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় পাহাড় ধসে ওই দুই শিশুর মৃত্যু হয়।