বিতর্ক, সমালোচনা ও নেতিবাচক মন্তব্যকে পেছনে ফেলে নতুন জীবনে পা রেখেছিলেন টালিউড অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী অংশীদার শুভাশিষ দে’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে মাতৃত্ব নিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, পূর্ণতা পেল তার মাতৃত্বের স্বপ্ন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নবজাতকের হাতের ছবি প্রকাশ করে মা হওয়ার সুখবর জানান সুস্মিতা। একই সঙ্গে জীবনের আগের কঠিন সময়ের কথাও স্মরণ করেন তিনি।
মা হওয়ার ইচ্ছা নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছিলেন সুস্মিতা। তিনি জানিয়েছিলেন, মাতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। এবার চতুর্থ সংসারে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা লেখেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু হলো। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট ও না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিংয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সুস্মিতা। সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ভ্লগের কারণে জনপ্রিয়তা পান তিনি। তবে চলতি বছরের শুরুতে সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও দেখা যায়।
ওই সময় সব্যসাচী দাবি করেছিলেন, সুস্মিতার পাঁচবার বিয়ে হয়েছে। তবে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি চারবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সুস্মিতার দাবি ছিল, সব্যসাচীর সঙ্গে সম্পর্কের অবনতির অন্যতম কারণ ছিল তার মা হওয়ার ইচ্ছা। তিনি জানিয়েছিলেন, ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি। এরপর থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে দাবি করেন তিনি।
গত ১৭ মার্চ হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাশিষ দে’র সঙ্গে বিয়ের খবর জানান সুস্মিতা। পরে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিজ বাড়িতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।