ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ নৌবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করবে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন টার্মিনালটি ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে।
জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ নির্মাণকাজটি সম্পন্ন করবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।
প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস বসানো হবে। এছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
সংশ্লিষ্টদের আশা, কাঁচপুর বাস টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।