কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক এ-৫ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী। তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে বলে জানা গেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
ক্যাম্পের হেড মাঝি আব্দুল হামিদ জানান, গত সোমবার সকাল থেকে এলাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই ক্যাম্প-৫-এর একটি সাব-ব্লকে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ে। পরে স্থানীয় রোহিঙ্গারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, পাহাড়ধসে আটকে পড়া মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।