যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (IRC) সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকনির্দেশনায় মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সচিবালয়ে এসব সমঝোতা স্মারক সই করা হয়। দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে এই দুটি সমঝোতা স্মারককে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো গড়ে উঠবে। এর আওতায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, জরুরি সাড়াদান কার্যক্রমে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম (Search and Rescue), জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, চাহিদা নিরূপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সহযোগিতা জোরদার করা হবে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম সহজতর করা এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্বিতীয় সমঝোতা স্মারকটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (IRC) মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্মারক (Strategic Partnership Memorandum of Understanding)। এর মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (FDMN) এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত অংশীদারিত্ব ও সম্পদ আহরণে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব এমপি বলেন, ‘এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সমঝোতা স্মারক দুটিতে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক (Sarah Cook) এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (IRC) পক্ষে ভাইস প্রেসিডেন্ট, অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিটের জুলিও ই. র্যাঙ্ক রাইট (Julio E. Rank Wright)।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।