আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ পরিস্থিতিতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টা পর্যন্ত দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের মেঘালয়সহ উজানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে হওয়া ভারী বৃষ্টির প্রভাব বাংলাদেশের তিস্তা অববাহিকায় পড়তে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।