স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান।
তিনি বলেন, সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষ মৌলিক অধিকার।
তিনি আরও বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, আমাদের রয়েছে এক বিশাল তরুণ প্রজন্ম। যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা আমাদের অন্যতম সেরা জাতীয় সম্পদ।
কর্মশালায় উপস্থিত স্বাস্থমন্ত্রী বলেন, চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই উন্নতমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে। তিনি বলেন, আমরা জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটি পূরণের জন্যও কাজ করে যাচ্ছে সরকার।