অবসরের ঘোষণা দিয়ে রোনালদো—‘আশা করি স্পেনের ম্যাচ দিয়েই শেষ নয়’

ক্রীড়া ডেস্ক

খেলা

ডালাসে প্রতিবেশী দেশ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহাদ্বৈরথের আগে ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়বেলায়

2026-07-06T18:23:23+00:00
2026-07-06T18:23:23+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
অবসরের ঘোষণা দিয়ে রোনালদো—‘আশা করি স্পেনের ম্যাচ দিয়েই শেষ নয়’
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ডালাসে প্রতিবেশী দেশ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহাদ্বৈরথের আগে ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়বেলায় কোনো অনুশোচনা বা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না এই পর্তুগিজ মহাতারকা।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ৪১ বছর বয়সী এই তারকা সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে এই মন্তব্য করেন। পুরো সংবাদ সম্মেলনজুড়েই তিনি একটি বিষয়ে অনড় ছিলেন—ট্রফি-ঝলমলে ক্যারিয়ারের ইতি তিনি টানবেন নিজের সিদ্ধান্তে, অন্য কারও কথায় নয়।

সাংবাদিকদের করতালির মধ্য দিয়ে কক্ষ ছাড়ার আগে ক্রিস্টিয়ানো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ; তবে আশা করি আগামীকালই (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হয়ে যাচ্ছে না।’

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শুরুতে অবশ্য টুর্নামেন্টটিই তার শেষ কি না, তা নিশ্চিতভাবে বলতে চাননি। আগামী ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে দাঁড়াবে ৪৫ বছরে।

রোনালদো বলেন, ‘আমি যখন চাইব, তখনই থামব। আপনারা সবসময় একই প্রশ্ন করেন, এটাই কি শেষ? দেখা যাক কী হয়। আমি এই বিষয়টায় বাড়তি আলো ফেলতে চাই না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকাল ভালো খেলা।’

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা আরও বলেন, ‘একেবারে মন থেকে বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো ১০০ শতাংশ পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেবে।’

তিনি যোগ করেন, ‘ফুটবলে আমি আমার দেওয়ার মতো সবটুকুই দিয়েছি। এত বছর খেলে যাওয়া আমার আবেগ। কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনের কারণে আমি খেলছি না। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে- সবটাই ভালোবাসার টানে। আমি জাতীয় দলের হয়ে খেলি, কারণ ফুটবল খেলাটা আমি অন্তর থেকে ভালোবাসি।’

‘আগামীকাল মাঠের ফল যা-ই হোক, আমাকে জিততেই হবে- এমন কোনো বাড়তি চাপ আমি নিজের ওপর নিচ্ছি না।’

‘বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিটি ম্যাচ উপভোগ করতে হয়। আমার মনে হয় আমি খুব খারাপ করছি না- তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও ভালো করেছে, তবে আমার পারফরম্যান্স একেবারে মন্দ নয়।’

স্পেনের বিপক্ষে নামলেই পর্তুগালের জার্সিতে ২৩৩তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ক্রিস্টিয়ানো। স্পেনের সঙ্গে তার সম্পর্কও গভীর, কারণ ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয়টি মৌসুম কাটিয়েছেন তিনি।

তবে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের বিপক্ষে তার গোলসংখ্যা খুব বেশি নয়- মোট চারটি গোল। এর মধ্যে তিনটিই এসেছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে করা অবিস্মরণীয় হ্যাটট্রিক থেকে, ম্যাচটি শেষ হয়েছিল ৩-৩ গোলে।

প্রতিপক্ষকে সম্মান জানিয়ে রোনালদো বলেন, ‘ইউরো কিংবা নেশনস লিগ- সব টুর্নামেন্টেই স্পেন সবসময়ই ফেভারিট। এই বিশ্বকাপেও তারা আগে জিতেছে। কাগজে-কলমে স্পেনই এগিয়ে। তাদের ট্রফি ক্যাবিনেটও অনেক সমৃদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এটা একেবারেই ভিন্ন প্রতিযোগিতা, যেখানে খেলোয়াড়রাও আলাদা। চোটের বিষয় আছে, আছে প্রচণ্ড গরমও। স্পেনের বিপক্ষে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। আমরা প্রায় ১০–১১ বার মুখোমুখি হয়েছি—লড়াইটা সবসময়ই সমানে-সমান ছিল।’

রোনালদো শেষ করেন আত্মবিশ্বাসী সুরে, ‘ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে ছোট ছোট ভুল। তবে আমার মন বলছে, ম্যাচটা আমরাই জিততে যাচ্ছি।’


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  স্পেন  শেষ ষোলো  মহাদ্বৈরথ  ক্রিস্টিয়ানো রোনালদো  অবসরের ঘোষণা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: