বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো মেরামত ও পুনর্বাসনের জন্য ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নন্দীগ্রাম পৌরসভার একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে নন্দীগ্রাম পৌরসভার মাঝগ্রাম মহল্লায় ১৬০ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, করিমের বাড়ি থেকে আল মুমিনের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৩২ হাজার ৯৮১ টাকা। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়, পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দাই খাড়া এফএইউএ দাখিল মাদ্রাসা এবং নন্দীগ্রামের মুরাদপুর নিম্ন মাধ্যমিক হাইস্কুল, রায়পুর কুস্তা জুনিয়র হাইস্কুল ও গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, গত ২১ জুন নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র আহ্বানের প্রস্তুতি শুরু হয়েছে।
সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাহালু-নন্দীগ্রামকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরে তিনি নন্দীগ্রাম ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন এবং চিকিৎসক-কর্মকর্তাদের রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই দিনে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।