বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।
রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ে বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত আবেগ বা উত্তেজনা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই খেলা বা অন্য কোনো ঘটনায় সংযত থাকা জরুরি।
তিনি আরও জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে রাখতে চিকিৎসকরা আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।