শিক্ষককে মারধরের অভিযোগে উত্তাল গুলিশাখালী মাদ্রাসা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ

2026-07-05T18:07:24+00:00
2026-07-05T18:07:24+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শিক্ষককে মারধরের অভিযোগে উত্তাল গুলিশাখালী মাদ্রাসা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম 
মোরেলগঞ্জের গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসার সামনে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ছবি ভোরের ডাক
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আজ সকালে অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা পরীক্ষায় অংশ নেবেন না। প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করারও ঘোষণা দেন তারা।

শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারির চাকরির মেয়াদ গত ২৯ জুন শেষ হলেও তিনি অবসরে না গিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক অধ্যক্ষ হিসেবে বহাল থাকার চেষ্টা করছেন। এ লক্ষ্যে ম্যানেজিং কমিটির সুপারিশসহ একটি প্রস্তাব মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলেও তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ, দায়িত্ব পালনকালে তিনি শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কারণ দর্শানোর নোটিশ প্রদান, আর্থিক চাপ সৃষ্টি এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রতিবাদে গত বুধবার শিক্ষক পরিষদ তার পুনর্নিয়োগের বিরোধিতা করে সভা করে।

শিক্ষকদের দাবি, ওই ঘটনার জের ধরে শনিবার সকালে গুলিশাখালী বাজারে মাদ্রাসার ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক শেখ আব্দুল্লাহ মাসুদের ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের অভিযোগ, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি তাকে মারধর ও লাঞ্ছিত করেন। এরপর থেকে অন্যান্য শিক্ষকও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। তারা শিক্ষককে মারধরের বিচার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অবসরের পর পুনর্নিয়োগের বিতর্কিত উদ্যোগ বাতিলের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম, প্রভাষক মাওলানা মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহ আলম, সহকারী শিক্ষক আল মামুন, শিক্ষক মাওলানা আব্দুল গফ্ফার, কৃষি শিক্ষক মমতাজ বেগম, এবতেদায়ি শিক্ষক নাজমিন আক্তার, শিক্ষার্থী নবীন, রোমেনা আক্তার, আব্দুল্লাহ, শাহিদা আক্তার ও মোরশেদা, অভিভাবক আব্দুল আউয়াল তালুকদার, দেলোয়ার গাজী, হাফিজা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, শিক্ষক ও সাবেক অধ্যক্ষের মধ্যকার বিরোধ প্রশাসনের নজরদারিতে রয়েছে। সহকারী অধ্যক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরে আসে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: