বৈরী আবহাওয়া ও উত্তাল মেঘনা নদীর কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে হাতিয়ার সঙ্গে দেশের নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই নলচিরা ও চেয়ারম্যানঘাটে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। তবে নদী উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার—কোনো নৌযানই ঘাট ছেড়ে যেতে পারেনি।
ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ভোর থেকেই মেঘনা নদী উত্তাল রয়েছে এবং জোয়ারের উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।