বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভেনেজুয়েলার কঠিন সময়ে দেশটির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও জানিয়েছেন বিশেষ সহমর্মিতা।
তার এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ককে। মানবিক এই বার্তায় কী বলেছেন মেসি এবং কেন তা এত আলোচনায়—তা নিয়েই এখন ক্রীড়াঙ্গনে ব্যাপক আগ্রহ।
গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। সবশেষ খবর অনুযায়ী প্রায় তিন হাজার মানুষ এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।
বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও মানবিক বার্তা দিতে ভোলেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরা সবাই চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।
নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষদের কথাও আলাদাভাবে তুলে ধরেন এই আর্জেন্টাইন মহাতারকা। তিনি আরও বলেন, যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই। সবশেষে ভেনিজুয়েলার মানুষের জন্য শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।
শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এগিয়ে এসেছেন ভেনিজুয়েলার এক শিশুর পাশে। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু হারানো সেই শিশুকে নিজের একটি ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো! বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এমন মানবিক উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।