আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল যখন বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন মাঠের বাইরে শুরু হয়েছে এক ভিন্নধর্মী ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’। দলের সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দলকে কুসংস্কার ও ‘অভিশাপ’ থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন দেশটির সমর্থকরা। তাদের হাতিয়ার এখন একটি জনপ্রিয় শব্দবন্ধ—‘আনুলো মুফা’।
এই বিতর্কের সূত্রপাত ঘটে ঘানার এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী ঘিরে। দাবি করা হয়, ঘানার ওই আধ্যাত্মিক ব্যক্তিত্ব জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে বড় চমক দেখিয়ে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। এমনকি তিনি নিজেকে কেপ ভার্দের পক্ষে ‘আধ্যাত্মিক শক্তি প্রয়োগ’ করার কথাও জানান বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই মন্তব্য ভাইরাল হওয়ার পরপরই ফুটবল বিশ্বে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। তারা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনুলো মুফা’ লিখে ওই ভবিষ্যদ্বাণীকে প্রতীকীভাবে বাতিল করার চেষ্টা শুরু করেন।
আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল সংস্কৃতিতে ‘মুফা’ শব্দের অর্থ অপয়া বা দুর্ভাগ্যের প্রতীক। আর ‘আনুলো মুফা’ মানে হলো—‘এই কুফা বা অপয়া প্রভাব আমি বাতিল করলাম’। সময়ের সঙ্গে সঙ্গে এটি সমর্থকদের মধ্যে এক ধরনের ডিজিটাল ‘সুরক্ষা কবচ’-এ পরিণত হয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপেও এই ট্রেন্ড ব্যাপকভাবে দেখা গিয়েছিল। তখনও প্রতিপক্ষ বা বাইরের কোনো নেতিবাচক ভবিষ্যদ্বাণী এলেই সমর্থকেরা ‘আনুলো মুফা’ লিখে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতেন, যা পরবর্তীতে একটি জনপ্রিয় অনলাইন সংস্কৃতিতে পরিণত হয়।
এবারও একই ধারায়, কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টাইন সমর্থকরা আবারও সেই পুরনো ‘ডিজিটাল টোটকা’ ফিরিয়ে এনেছেন, যেন কোনো কুসংস্কারই দলকে ছুঁতে না পারে।