বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী কেপ ভার্দে। তুলনামূলকভাবে ছোট দল হলেও লিওনেল মেসিদের বিপক্ষে অঘটন ঘটিয়ে শেষ ষোলো নিশ্চিত করার স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি। দলের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো জানিয়েছেন, সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে চান তারা।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচ। গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়া কেপ ভার্দে শক্তির বিচারে পিছিয়ে থাকলেও লড়াইয়ের আগেই হার মানতে নারাজ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রিতো বলেন, আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। আমরা সাহস নিয়ে খেলব, আক্রমণাত্মক ফুটবল খেলব এবং শেষ পর্যন্ত লড়াই করে পরের পর্বে ওঠার চেষ্টা করব।
তিনি আরও বলেন, খেলোয়াড়রা যেন ম্যাচটি উপভোগ করে, একই সঙ্গে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখে—এটাই চাই। ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা আর্জেন্টিনাকে ভোগান্তিতে ফেলতে পারব বলে বিশ্বাস করি। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকা লিওনেল মেসি এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে ফিরবেন। তবে ব্রিতোর মতে, তাদের পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু মেসিকে থামানো নয়, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করা। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা দল। তাই আমাদের পুরো দলের বিপক্ষেই লড়তে হবে।
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। ছোট দলগুলোর চমক দেখানোর উদাহরণ টেনে ব্রিতো বলেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু আমাদেরও একটি স্বপ্ন আছে। সেই স্বপ্ন নিয়েই আমরা মাঠে নামব।