রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগান্তিতে গ্রামবাসী

আব্দুর রউফ রিপন, নওগাঁ

সারাদেশ

নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায়

2026-07-03T14:20:22+00:00
2026-07-03T14:20:22+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগান্তিতে গ্রামবাসী
আব্দুর রউফ রিপন, নওগাঁ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২০ পিএম 
ছবি: ভোরের ডাক
নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। আওয়ামী লীগের ‘দোসর’ পরিবারটির বিরুদ্ধে এমন অবৈধ কাজের প্রতিবাদ করায় প্রতিবেশীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকলেও ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এমন কর্মকাণ্ডের কারণে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আওয়ামী লীগের দাপুটে অন্যতম নেতা মজিবর রহমান টিকাদার ওরফে বাবুকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

এজাহার সূত্রে ও স্থানীয়দের অভিযোগের মাধ্যমে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়ায় (তুলাপট্টিপাড়া) প্রবেশের একমাত্র গ্রামীণ সরু রাস্তাটিতে ইট বিছানো রয়েছে। যে রাস্তাটি দিয়ে প্রতিনিয়তই শতাধিক পরিবারের লোকজন চলাচল করে। সম্প্রতি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে আওয়ামী লীগ নেতা ওই গ্রামের মৃত মোবেশ আলী টিকাদারের ছেলে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান টিকাদার। এমন কাজে বাধা দিলে মজিবর, তার স্ত্রী এছেনা বিবি ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। 

এতে পাশের বাড়ির মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি ও ছেলের বউ শ্রাবণী আক্তার গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ সময় মজিবরের পরিবারের সদস্যরা মারপিটের সময় কৌশলে আহত মহিলাদের শরীর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ আওয়ামী লীগ নেতা মজিবর রহমান টিকাদারকে আটক করে জেলহাজতে পাঠায়। 

এরপর থেকে প্রতিনিয়তই মজিবর রহমানের দজ্জাল স্ত্রী এছেনা বিবি ও অন্য সদস্যরা প্রতিবেশীদের লক্ষ্য করে গালমন্দ করায় সেখানে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। কিন্তু বিষয়টি প্রশাসনকে জানালে সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশনা প্রদান করা হলেও এখন পর্যন্ত বিষয়টির সমাধান না হওয়ায় ওই গ্রামে সব সময় ঝগড়াটে পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দা বকুল, আ. মান্নান, আজাদ, ইয়াদুলসহ অনেকেই বলেন, মজিবর ও তার পরিবারের লোকজন জোরপূর্বক সরকারি রাস্তায় থাকা সোলিংয়ের ইট তুলে সেই রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করছে। এতে করে ছোট রাস্তাটি আরও সরু হয়ে আসছে। গ্রামবাসীরা তাদের নিষেধ করলেও কোনো কিছুর তোয়াক্কা না করে আ’লীগের দোসর ওই পরিবারের লোকজন প্রতিবাদকারীদের খুন-জখম, মারপিট করাসহ নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। দজ্জাল ওই পরিবারের ভয়ে পুরো গ্রামের মানুষ ভয়ে ভয়ে থাকে। এমন অবৈধ কর্মকাণ্ডের জন্য ওই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে গ্রামবাসীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, মজিবরের পরিবার খুবই দজ্জাল। গ্রামের কোনো বাসিন্দার সঙ্গে ওই পরিবারের সুসম্পর্ক নেই। সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরও যদি সমস্যাটির সমাধান না হয়, তাহলে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: