সিনেমার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও নিজের উপস্থিতি আরও শক্তিশালী করলেন বলিউড তারকা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন দলের জন্য নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি। বৈশ্বিক ক্রিকেটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
স্টেডিয়ামটির নাম নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি ব্যবহৃত হবে।
মঙ্গলবার (১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়ামের উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। তিনি বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু একটি খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি স্থান।’
ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গ্রুপের দল রয়েছে।
জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। তবে স্টেডিয়ামের জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।
এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।