স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন। সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনে (স্থানীয় সরকার নির্বাচনে) যেন না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগের সফলতা সংশ্লিষ্ট সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।