গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টের ইউনিফর্মে ফিরেছে বাংলাদেশ পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে যে নতুন ইউনিফর্ম চালু করা হয়েছিল, সরকার পরিবর্তনের পর তা আবার বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন। যারা পেয়েছেন, তারা ইতোমধ্যে নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি জোরালো হয়। এর অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের নতুন পোশাক অনুমোদন করা হয়। সে অনুযায়ী শার্টের রং করা হয় লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর। ওই বছরের ২৫ নভেম্বর নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।
তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোশাকের রং ও নকশা নিয়ে আপত্তি জানান।
নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙে পরিবর্তন আনে।
প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং ও ব্যবহারের বিধানেও পরিবর্তন আনা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের বিধান ছিল। সেটি পরিবর্তন করে নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টের সামনে চারটি পকেট ও সমান দূরত্বে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন পোশাকবিধি নির্ধারণ করা হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে মৌসুমভিত্তিক শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরবেন পুলিশ সদস্যরা।