রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরোপুরি ঢাকা জেলার প্রশাসনিক আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (০১ জুলাই) সচিবালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হলে পাঁচটি প্রস্তাব অনুমোদন পায়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পের সঙ্গে একাধিক জেলার প্রশাসনিক সীমা যুক্ত থাকায় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছিল। এসব সমস্যা নিরসনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে পুরো প্রকল্পকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই দিনে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে। পূর্বাচলের সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ডিএমপির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, পূর্বাচল এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও এগিয়ে চলছে।
তিনি আরও জানান, পূর্বাচলের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশের জন্য রাজউক ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।
ভবিষ্যতে পুরো পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির পূর্ণ নিয়ন্ত্রণে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন জনবল সৃষ্টির প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।