
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ডে অব ১৬ তে জায়গা করে নিয়েছে নরওয়ে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে নাটকীয় এই জয় নিশ্চিত করে নরওয়েজিয়ানরা।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণে খুব বেশি কার্যকর হতে পারেনি। বেশির ভাগ সময় বলের লড়াই হয়েছে মাঝমাঠে। তবে প্রথমার্ধের ৩৯তম মিনিটে অ্যান্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। ১-০ ব্যবধানের সেই লিড নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আইভরি কোস্ট। তারই ফল হিসেবে ৭৪তম মিনিটে আমাদ দিয়ালো গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।
এর আগে প্রথমার্ধে একাধিক সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্লিং হালান্ড। তবে শেষ পর্যন্ত হতাশ করেননি তিনি। ম্যাচের ৮৬তম মিনিটে মার্কাস পেদেরসেনের দারুণ অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানের গুরুত্বপূর্ণ জয় এনে দেন এই তারকা স্ট্রাইকার। এই জয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে নরওয়ে।