সম্প্রতি জোড়া শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে সরকারিভাবে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এটিকে গত এক শতাব্দীর মধ্যে দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার ও জেমন ভন ডেন হোয়েক জানান, ২৫ জুন সংগৃহীত স্যাটেলাইট রাডার ডাটা বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডার চিত্র বিশ্লেষণ করেই এই তথ্য পাওয়া গেছে।
গবেষকরা বলেন, এটি প্রাথমিক পর্যবেক্ষণ এবং স্যাটেলাইট ছবিতে ভূমির আকস্মিক পরিবর্তন ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। তবে তারা সরেজমিন তথ্যকে চূড়ান্ত হিসেবে বিবেচনার ওপর জোর দিয়েছেন।
এদিকে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।
সূত্র: এএফপি