ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এতে ভক্তদের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি হয়তো গোপনে বাগদান সেরে ফেলেছেন। মুহূর্তেই তার পোস্টে শুভেচ্ছা ও নানা প্রশ্নে ভরে ওঠে মন্তব্যের ঘর।
পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তিনি কোনো বাগদান করেননি, তবে বর্তমানে একটি সম্পর্কে আছেন। তার ভাষায়, ফেসবুকে ‘এনগেজড’ লিখে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের বিষয়টি তিনি গোপন রাখতে চান না, তাই নিজেই ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছেন। উপযুক্ত সময়ে নিজের সঙ্গীর পরিচয়ও প্রকাশ করবেন বলে জানান এই অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও একটি পোস্ট ঘিরে তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যা পরে একটি নাটকের প্রচারণা বলে জানা যায়।
তবে এবার অভিনেত্রী স্পষ্ট করেছেন, তিনি সম্পর্কে আছেন, তবে প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চান না।