বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একাদশেই আস্থা রাখতে পারেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে আগের ম্যাচের তুলনায় তারকা ফরোয়ার্ড নেইমারকে এবার আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি সম্ভাব্য একাদশ নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে। তবে এখনই একাদশ প্রকাশ করতে চাই না। জাপানের বিপক্ষে কোন একাদশ সবচেয়ে কার্যকর হবে, তা নিয়ে এখনো ভাবছি।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচে শতভাগ মনোযোগ ধরে রাখা। আমাদের সামনে কঠিন একটি প্রতিপক্ষ রয়েছে।’
নেইমারের শারীরিক অবস্থা নিয়েও আশাবাদী ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘গত এক সপ্তাহে তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগের ম্যাচে দুর্ভাগ্যবশত সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে এবার সে আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছে।’
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার (গোলরক্ষক); দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।