দীর্ঘ ৯ বছরের দাম্পত্যের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো ও অভিনেতা গৌরব খান্না। এতদিন ব্যক্তিগত রাখলেও এবার রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর মঞ্চে নিজেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন আকাঙ্ক্ষা। তিনি জানান, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, এখনো কথা হয়। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা এক নয় এবং জীবনসঙ্গী হিসেবে তারা আর একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।
শোতে আকাঙ্ক্ষা বলেন, তারা সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করেছিলেন। এমনকি গৌরব যখন ‘বিগ বস ১৯’-এ ছিলেন, তখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেন, যদি সম্পর্কটা আবার আগের মতো হয়। বাইরে থেকে তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, একে অপরকে সমর্থনও করেছেন। কিন্তু তাদের অনুভূতি ছিল, তারা আর স্বামী-স্ত্রীর মতো জীবন কাটাচ্ছেন না।
অন্যদিকে গৌরব এখনো প্রকাশ্যে এই বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ‘বিগ বস ১৯’-এ থাকাকালীন এবং এর আগে এক সাক্ষাৎকারে তিনি স্ত্রীকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। বিশেষ করে সন্তান নেওয়ার বিষয়ে দুজনের ভিন্নমত থাকা নিয়ে তিনি বলেছিলেন, তিনি সন্তান চাইতেন, কিন্তু আকাঙ্ক্ষা চাইতেন না। তবু তিনি স্ত্রীকে সম্মান করতেন এবং বলেছিলেন, একজন স্বামী হিসেবে স্ত্রীর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই তার দায়িত্ব।
গৌরব তখন আরো বলেছিলেন, তাদের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও পরিণত মানসিকতার ওপর দাঁড়িয়ে আছে। যদি বিষয়টি নিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা হতো, তাহলে অনেক আগেই তা হয়ে যেত।
এদিকে আকাঙ্ক্ষার বিচ্ছেদের ঘোষণার পর গৌরবের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তিনি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
কাজের ক্ষেত্রে গৌরবকে শিগগিরই দেখা যাবে ‘খতরো কে খিলাড়ি ১৫’–তে। অন্যদিকে আকাঙ্ক্ষা বর্তমানে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।