বাংলাদেশের উদ্দাম সমর্থন হৃদয়ে ধারণ করেছেন আর্জেন্টিনার বিশ্বসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সময়েও তিনি বাংলাদেশি ভক্তদের উদ্দেশে জানিয়ে দিলেন উষ্ণ ভালোবাসা।
প্রায় তিন বছর আগে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে ভক্ত-সমর্থকদের কাছ থেকে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছিলেন, তা আজও মনে রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের আবেগও তাকে মুগ্ধ করে।
ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পাওয়ার পর মিক্সড জোনে কথা বলা শেষে চলে যাচ্ছিলেন এই গোলরক্ষক।
পরে বাংলাদেশ নাম শুনে থেমে গিয়ে খোলাখুলি নিজের অনুভূতি জানিয়ে মার্টিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটাকে আমি ভালোবাসি।’
তিনি আরও বলেন, ‘আমি জানি তারা আর্জেন্টিনার জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকেই বলতে পারি, তাদের সমর্থন আমার খুব ভালো লাগে। আর্জেন্টিনাকে তারা যেভাবে দেখে, তা আমাকে অনেক আনন্দ দেয়। বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা।’