জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জয়নাল আবেদীন পাহাড়ে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তার কোনো সন্ধান না মেলায় শনিবার সকালে স্বজন ও স্থানীয়রা আবারও অনুসন্ধান চালান। একপর্যায়ে সোমনাথপাড়া এলাকার পাহাড়ি জঙ্গলে তার থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, রাতে বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির বিচরণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।