পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, পবিত্র আশুরা আমাদের ত্যাগ, সত্য, ন্যায় ও আদর্শের শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার বিকল্প নেই।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্য ও প্রতিহিংসামুক্ত রাজনীতির যে আহ্বান জানিয়েছেন, বর্তমান সময়ে তা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে পবিত্র আশুরার আত্মত্যাগ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে দেশের রাজনীতিতে প্রতিহিংসা, হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতার সংস্কৃতি পরিহার করার আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব এ. বি. এম. রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, ইসলামের ইতিহাসে ১০ মহররম বা পবিত্র আশুরা সত্য, ন্যায়, ত্যাগ ও আত্মমর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগ যুগে যুগে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এ. বি. এম. রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের রাজনীতিতেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিহিংসামুক্ত রাজনীতি করার কথা বলেছেন। আমরা বিশ্বাস করি, পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা, জিঘাংসা ও প্রতিশোধপরায়ণতা দূর করা সম্ভব হবে।
জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি বাংলাদেশ, যা হবে সাম্য, প্রগতি, ইসলামী মূল্যবোধ, আধুনিকতা ও উন্নয়নের আদর্শে সমৃদ্ধ।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নতুন অফিস উদ্বোধন এবং পবিত্র আশুরা উপলক্ষে কোরআন খতম ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ. বি. এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, চেয়ারম্যানের উপদেষ্টা সাহবুদ্দিন পাটোয়ারী। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের ইমাম আহসান উল্লাহ।
এ ছাড়াও দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।