গ্রুপ এইচের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও স্পেন। নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন, আর দুই ম্যাচে দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।
প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। ওই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল, আর একটি গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
এই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে স্পেন। ড্র করলেও তাদের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত, যদি না কেপ ভার্দে সৌদি আরবকে পাঁচ বা তার বেশি গোলের ব্যবধানে হারায়।
অন্যদিকে উরুগুয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১–১ এবং দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ২–২ ড্র করেছে। ফলে শেষ ম্যাচে জয়ই তাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ। স্পেনকে হারাতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে এলে তারা গ্রুপের শীর্ষেও উঠতে পারে।
পরিসংখ্যান অবশ্য স্পেনের পক্ষেই। দুই দলের শেষ ১০ দেখায় স্পেন পাঁচটি ম্যাচ জিতেছে, বাকি পাঁচটি ড্র হয়েছে। ২০১৩ সালের পর থেকে দুই দল আর মুখোমুখি হয়নি। সর্বশেষ তিন দেখাতেই জয় পেয়েছে স্পেন।
চোটের কারণে উরুগুয়ে এখনও পাচ্ছে না রোনাল্ড আরাউহো এবং জর্জিয়ান দে আররাসকায়েতাকে। তবে আক্রমণভাগে শুরু থেকেই থাকতে পারেন দারউইন নুনিয়েস।
স্পেনের একাদশে শুরু থেকেই দেখা যেতে পারে নিকো উইলিয়ামসকে। আগের ম্যাচে দারুণ খেলা দানি ওলমোও একাদশে থাকতে পারেন। মাঝমাঠে থাকবেন পেদ্রি ও রদ্রি, আর আক্রমণে ভরসা মিকেল ওয়ারসাবাল ও লামিনে ইয়ামাল।