সংসদ অধিবেশনের সময় হঠাৎ দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কথা বলার সুযোগ চান। এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে আসন গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনি বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
রোববার (২১ জুন০ জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষ না হতেই হান্নান মাসউদ কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন। তখনই ডেপুটি স্পিকার তাকে থামিয়ে দেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘হান্নান মাসউদ, আপনি বসুন। সংসদে কথা বলার জন্য যখন প্রয়োজন তখনই দাঁড়াবেন, এটাই নিয়ম। এটা কোনো সাধারণ জায়গা নয়, দয়া করে বসুন।’
একাধিকবার অনুরোধ করা হলেও হান্নান মাসউদ আসনে না বসে দাঁড়িয়ে থাকেন এবং স্পিকারের কাছে বক্তব্য দেওয়ার সুযোগ চান। এরপর স্পিকার পুনরায় বলেন, ‘হান্নান মাসউদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার আসনে বসুন।’
পরবর্তীতে হান্নান মাসউদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সংসদে দুই হাত তুলে কিছুটা উত্তেজিতভাবে কথা বলতে থাকেন।
এরপর সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।